রবির ৩% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১:৩২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। তালিকাভুক্তির প্রথম বছরে কোনো লভ্যাংশ না দেওয়ায় চাপের মুখে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করল দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সঙ্গে কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশ বিষয়ে রবি আজিয়াটার কোম্পানি সচিব মো. শাহেদুল আলম দেশ রূপান্তরকে জানান, পরিচালনা পর্ষদ কোম্পানির পুঞ্জীভূত আয় থেকে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২ মে এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২০ সমাপ্ত হিসাব বছরে রবির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ৩৩ পয়সা। রবির ইতিহাসে এটিই সর্বোচ্চ আয়। তবে আয় হলেও তালিকাভুক্তির প্রথম বছরে কোনো লভ্যাংশ না দেওয়ায় বিনিয়োগকারীদের সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) লভ্যাংশ না দেওয়ার ব্যাখ্যা জানতে কোম্পানি কর্তৃপক্ষকে ডেকে পাঠায়। জানা গেছে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীদের চাপে পড়ে এখন অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রবির পরিচালনা পর্ষদ।

এদিকে গতকাল রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে রবির ইপিএস হয়েছে ৭ পয়সা। এ সময় ইপিএস বাড়লেও শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে। ২০২০ সাল শেষে রবির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৯০ পয়সা, যা চলতি প্রান্তিকে ১২ টাকা ৬৬ পয়সায় নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত