ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলা কারাগারে মাদানী

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০২:১৩ এএম

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে ওই মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. শরিফুল ইসলাম।

এদিকে মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

মাদানীকে গত বুধবার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। আটককালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত থেকে তাকে পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে গাজীপুর জেলা কারাগার নেওয়া হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ইলতুৎমিশ সাংবাদিকদের বলেন, মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে আদালতে আবেদন করা হবে। মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন মাদানী। ওই ঘটনায় বুধবার রাত সোয়া ২টার দিকে গাছা থানায় মামলা হয়েছে। র‌্যাব-১-এর ডিএডি আবদুল খালেদ ওই মামলাটি করেন।

মামলায় মাদানীর বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে আক্রমণাত্মক ও মিথ্যা ভীতি প্রদর্শন; তথ্য-উপাত্ত ইলেকট্রনিকস বিন্যাসে প্রকাশ ও সম্প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপরাধের কথা বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে মাদানীকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায়ও তাকে আসামি করা হয়নি।

মাদানীর ওয়াজে সহিংসতার উসকানি ছিল বলে দাবি করেছে র‌্যাব। সংস্থাটির  আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রফিকুল নানা সময়ে বিভিন্ন বিষয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রবিরোধী নানা উসকানিমূলক কথাবার্তা বলেন। এতে জনমনে ভীতির সঞ্চার করেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।’

মাদানীর বিরুদ্ধে আরেক মামলা : মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। তিনি জানান, এই মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত