দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের পরামর্শ জাতীয় কমিটির

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৩:৫৪ পিএম

দুই সপ্তাহের পূর্ণ লকডাউন ছাড়া করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিশেষ করে সিটি করপোরেশন ও পৌর এলাকায় পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করা হয় বুধবার রাতে অনুষ্ঠিত কমিটির ৩০তম সভায়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে জারিকৃত বিধিনিষেধ সঠিকভাবে মানা হচ্ছে না। সংক্রমণের হার বাড়ছে। বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার।

এতে বলা হয়, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া এটা নিয়ন্ত্রণ করা যাবে না বলে সভায় মতামত ব্যক্ত করা হয়। বিশেষ করে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি এলাকায় পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, সরকারি পর্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালের রোগী ভর্তির বাড়তি চাপ থাকায় অতি দ্রুত আরও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বিদেশগামী যাত্রী ও বিদেশে অভিবাসী কর্মজীবীদের পরীক্ষা বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা দেওয়ার কার্যক্রম যুক্তরাজ্যে ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশেও টিকা কর্মসূচি সফল করার লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে বেসরকারিভাবে আমদানি করে টিকাদানের পুনরায় সুপারিশ হয় সভায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত