ধান ভাগাভাগি নিয়ে হামলায় বর্গাচাষি নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০১:২৪ এএম

সিলেটের গোয়াইনঘাটে বোরো ক্ষেতের ধান ভাগাভাগি নিয়ে হামলায় কৃষক ময়না মিয়া (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জাতু গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া একই গ্রামের মকদ্দস আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, কৃষক ময়না মিয়া জাতু গ্রামের আবদুস সোবহানের কিছু জমিতে বর্গায় বোরো চাষ করেন। শুক্রবার ওই জমির ধান ভাগাভাগি নিয়ে আবদুস সোবহান ও ময়না মিয়ার মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে আবদুস সোবহান ও তার পক্ষের লোকজন ময়না মিয়াকে বেদম মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়না মিয়াকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন তার দুই ভাইও। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি জানান, হত্যাকান্ডে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা চলছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত