সিদ্ধেশ্বরীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জামেনা বেগম (১৯)। গত শুক্রবার রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। গত ছয় মাস ধরে জামেনা ওই ফ্ল্যাটে আক্তারুজ্জামান চৌধুরীর বাসায় গৃহকর্মীর কাজ করত। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়।

জামেনার বোন আয়শা বলেন, ‘ঈদের পরই জামেনার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাত ১০টার দিকে জামেনা আমাকে ফোন করে বলে, সে আর বাঁচতে চায় না। এ বলেই ফোন কেটে দেয়।’ 

গৃহকর্তা আকতারুজ্জামান চৌধুরী বলেন, হেলেনা নামে এক নারীর মাধ্যমে তার বাসায় কাজে আসে জামেনা। সে ঠিকমতো কাজও করত।  শুক্রবার রাতে দেখি, রুমের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে তাড়াতাড়ি নামাই। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

রমনা থানার এসআই বিপ্লব সরকার জানান, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। জামেনার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত