স্বাস্থ্যবিধিতে অনেকের উদাসীনতা বিএনপির উসকানিতে : কাদের

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৫৯ এএম

বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। গতকাল শনিবার দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে সরকারের ‘অন্ধ সমালোচনা’ না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবে। বিএনপি এখন সর্বদলীয় মতামত গ্রহণের কথা বলছে, এর আগেও তারা সর্বদলীয় কমিটির কথা বলেছিল। করোনা কোনো রাজনৈতিক সমস্যা নয়, দেশে করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি রয়েছে। অতএব সরকার বিশেষজ্ঞ ও পরামর্শক কমিটির মতামত এবং সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করছে।

ওবায়দুল কাদের বলেন, এখানে সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনো দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই। সেতুমন্ত্রী জানান, টিকা ব্যবস্থাপনায় কোথাও কোথাও এ ধরনের কমিটি হলেও করোনার সার্বিক ব্যবস্থাপনায় এমন দৃষ্টান্ত নেই।

করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উসকানি দেবে, আর এসবের জবাব দিলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি।’

ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনার তীর ছোড়া আর মিথ্যাচারের বিষবাষ্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কী করেছে? কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে? আপনারা তো সকালে ঘুম থেকে জেগেই বলেন সরকারের সমন্বয় নেই। মহামারী নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবিরাম কাজ করা হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক।’ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পরে সেতুমন্ত্রী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়কের চার লেন উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেল। টানেল সংযোগ সড়কটি আনোয়ারার ওপর দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে পর্যটননগরী কক্সবাজারকে সংযুক্ত করবে।

পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের পাশে কর্ণফুলী টানেলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ বাস্তবতায় শিকলবাহা থেকে কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় আট কিলোমিটার এবং আনোয়ারা সদর উপজেলা থেকে কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারসহ সাড়ে ১১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪০৭ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত