জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাসান শাহরিয়ারের মরদেহ জাতীয় প্রেস ক্লাব চত্বরে নেওয়া হলে সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হয় তার সেগুনবাগিচাস্থ বাসভবনে। এরপর রায়েরবাজার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উপমহাদেশের খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামে জন্মগ্রহণ করেন। হাসান শাহরিয়ার ৬০-এর দশকে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। এরপর পাকিস্তানের করাচিতে পড়াশুনা ও দৈনিক ডন পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। একই সঙ্গে সেখানে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন। স্বাধীনতার পরে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। এই পত্রিকায় তিনি কূটনৈতিক রিপোর্টার, চিফ রিপোর্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে নির্বাহী সম্পাদক হিসেবে অবসর নেন। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক বিখ্যাত সাময়িকী নিউজ উইক, দুবাইয়ের খালিজ টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিকান হেরাল্ড, এশিয়ান এজ, পাকিস্তানের মর্নিং নিউজসহ বহু বিখ্যাত সংবাদপত্রে কাজ করেছেন।
কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওকাবের (ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
