অবস্থার অবনতি, আইসিইউতে সংগীত পরিচালক ফরিদ আহমেদ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০৫:৪৮ পিএম

সস্ত্রীক করোনায় আক্রান্ত হলে সংগীত পরিচালক ফরিদ আহমেদকে গত ২৫ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১০ এপ্রিল, শনিবার দিবাগত রাতে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছে।

ফরিদ আহমেদের পরিবারের ঘনিষ্ঠজন ফরিদা ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘শনিবার সকাল থেকে স্যারের অবস্থার অবনতি হতে থাকে। ১৫ লিটার থেকে অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছিল ক্রমশ। চিকিৎসকেরা দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু শহরের কোনো হাসপাতালেই আইসিইউ ফাঁকা পাচ্ছিলাম না আমরা। সারা দিন চেষ্টার পর অবশেষে রাত ১১টার দিকে স্কয়ার হাসপাতালে ম্যানেজ হয়। ঠিক রাত ১২টা ৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছায় ফরিদ স্যারের অ্যাম্বুলেন্স। আপাতত এটা একটু স্বস্তির খবর। সবাই স্যারের জন্য দোয়া করবেন।’

ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারি সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘খুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহীনে’ প্রভৃতি। ২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত