শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গতকাল সোমবার দিনভর ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। রাজধানী ঢাকা ছেড়ে দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রী গ্রামের বাড়ির পানে ছুটে যাচ্ছেন। এতে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে ঘাটে ভিড় করছেন তারা। পরে ফেরি ও ট্রলারযোগে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা। গতকাল বিকেল পর্যন্ত ঘাটে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ফেরি ও যাত্রী পারাপারে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
রাজধানী থেকে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানে চড়ে শিমুলিয়া ঘাটে ছুটে আসছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা। অনেকে রাজধানীর বাসাবাড়ির মালামালসামগ্রী সঙ্গে করে ছুটে এসেছেন ঘাটে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল দক্ষিণবঙ্গের এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৪টি ফেরি চলাচল করে। যাত্রী ও যানবাহন পারাপারে উভয়মুখেই চাপ রয়েছে। সকাল থেকেই যাত্রীদের প্রচ- ভিড় দেখা গেছে শিমুলিয়া ঘাটে। তবে দুপুরের দিকে চাপ কিছুটা কমতে থাকে। বিকেলে পুনরায় যানবাহন ও যাত্রীসাধারণের ভিড় দেখা যায়। ঢাকা ছেড়ে বাড়িমুখো দক্ষিণবঙ্গের যাত্রীরা ভিড় করছেন শিমুলিয়া ঘাটে।
জেলার লৌহজং উপজেলার মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও পণ্যবাহী যানবাহনের আধিক্য বেশি। হাজারও যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
