এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনে’ বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। তাই বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকালে অবশ্য সবাই দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে পারেননি। তবে বিকেলে দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসায় সন্ধ্যায়ই দেশের বিমান ধরেছেন তারা।
আগের দিন করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে ৫ ক্রিকেটারের। তাই তাদের থেকে যেতে হয় বাংলাদেশকে। তবে একদিনের ব্যবধানেই দ্বিতীয় পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।
সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রোটিয়া নারী দলের সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়। রাতে পজিটিভ আসার পর সেই পাঁচ খেলোয়াড়কে আইসোলেশনে রাখা হয়।
মঙ্গলবার ঢাকায় আবার জরুরি ভিত্তিতে তাদের কোভিড পরীক্ষা করানো হয়েছিল। যে পরীক্ষায় নেগেটিভ ফল এলে বিশেষ বিমানে সন্ধ্যায় বাংলাদেশ ছাড়েন ওই ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, সোমবার করানো করোনা পরীক্ষায় ফলস পজিটিভ এসেছিল নারী ক্রিকেটারদের।
এ বিষয়ে চিকিৎসক মনজুর হোসাইন বলেন, ‘পাঁচজনের সবারই নেগেটিভ এসেছে। আমরা ধরে নিচ্ছি আগের রিপোর্টটা ফলস পজিটিভ ছিল। আজ ছয়টায় ফিরে গেছে তারা।’
প্রোটিয়া মেয়েদের বিপক্ষে শেষ ম্যাচ না হলেও চার ম্যাচের সব কটি জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।
