কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে পহেলা বৈশাখের বিশেষ যোগসূত্র রয়েছে। তার সুরের ধারার গান শুনেই অনেক বাঙালির বৈশাখ শুরু হয়। কিন্তু এবার আর খোলা মঞ্চে গায়নি সুরের ধারা। এসব নিয়েই কথা বললেন এই কিংবদন্তি শিল্পী।
সুরের ধারার ঐতিহ্য
প্রতি বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদ্যাপন করে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র প্রাঙ্গণে রাতভর চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানের পর হাজারো কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে নতুন বছরকে বরণের মধ্য দিয়ে শেষ হয় সুরের ধারার অনুষ্ঠানটি। এ বছর সে রকম কোনো আয়োজন থাকছে না।
এবারের বৈশাখ...
সরাসরি খোলা মঞ্চে এবার কোনো আয়োজন না থাকলেও গতকাল চৈত্রসংক্রান্তি ও আজ বৈশাখের প্রথম দিনে চ্যানেল আইয়ের জন্য ধারণকৃত দুটি অনুষ্ঠান করেছে সুরের ধারা। এবারের বৈশাখ আর অন্য বৈশাখের মধ্যে বিস্তর তফাৎ। প্রতিবার মনের আনন্দে আমরা প্রকৃতির রূপ রংকে উদ্যাপন করি। কিন্তু এবার চারদিকে এত হতাশা, এত মৃত্যু, এত অনিশ্চয়তা। তাই এবারের বৈশাখের বিষয় ‘প্রার্থনা’। নতুন আশা নিয়ে নতুন দিনের জন্য আমরা গানে গানে প্রার্থনা করেছি। হতাশা কাটিয়ে ওঠার জন্য এই প্রার্থনা, সুন্দর জীবনের জন্য এই প্রার্থনা। কবিগুরু রবীন্দ্রনাথের প্রার্থনা পর্যায়ের গানগুলো দিয়ে সাজানো হয়েছে দুই ঘণ্টার এই অনুষ্ঠান।
উদ্যাপন...
বৈশাখ আমাদের কাছে এখন আর পারিবারিক আয়োজন নেই। ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে আমরা এই সর্বজনীন উৎসব পালন করি। কিন্তু পর পর দু বছর কোনো আয়োজন না হওয়ায় পহেলা বৈশাখ নিয়ে বাচ্চাদের খুব মন খারাপ হয়। কিন্তু বড়দের শক্ত থাকতে হবে। বাচ্চাদের সামনে মন খারাপ না করে বোঝাতে হবে, এবার না হোক, সামনের বার ঠিকই মহা আড়ম্বরের সঙ্গে বৈশাখী উৎসব হবে। তবে উদ্যাপনে মানা নেই। সেটা অবশ্যই ঘরের মধ্যে থেকে। খাওয়া-দাওয়া সবই করুন আপনারা। মন ভালো করতে একটু সাজগোজ করা, বন্ধুদের সঙ্গে অনলাইনে ভিডিও কলে কথা বলা কিংবা একটু পারিবারিক আয়োজনে গান-বাজনা করতে পারেন।
একটাই ভালো দিক...
করোনা আমাদের কোনো ভালো কিছু দেয়নি। হাজারও নেতিবাচকতার মধ্যে শিল্পী হিসেবে একটাই ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। তা হলো, এই করোনাকালে আমার বিস্তার হয়েছে বিশ্বময়। আগে শুধু সুরের ধারার শিক্ষার্থীদের ঢাকাতেই গান শেখাতাম। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অনলাইনে গান শেখাচ্ছি। প্রতি সপ্তাহের রবিবারে আমেরিকা, সোমবারে কলকাতা ও মঙ্গলবারে ঢাকার সিনিয়র শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করাচ্ছি। আর সুরের ধারার নিয়মিত ক্লাস অনলাইনে হচ্ছে প্রতি শুক্র ও শনিবার।
