বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তাকে চিঠি দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বৃহস্পতিবার সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার খবর শোনার পর ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন।
এর আগে নমুনা পরীক্ষার পর গত শনিবার খালেদা জিয়ার করোনাভাইরাস (কেভিড-১৯) শনাক্ত হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় গুলশানের বাসায় ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
