আসল গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি, মিঠুনকে মমতা

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৪:৫৯ পিএম

সদ্য বিজেপিতে যোগ দেয়া মিঠুন চক্রবর্তীর সংলাপ এবার তাকেই ফিরিয়ে দিলেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। আসল সাপ আর সিনেমায় দেখা সাপের পার্থক্য তাকে বোঝাতে চেয়েছেন তিনি।

মমতা এদিন বলেন,‘সিনেমার গোখরো দেখেছ, আসল গোখরো দেখোনি। আসল গোখরো কামড়ালে কিন্তু এক ছোবলেই ছবি!’

আগামী শনিবার পশ্চিমবঙ্গের পঞ্চম দফা ভোটে ৬টি জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে হাবড়া বিধানসভা কেন্দ্রও রয়েছে। সেখানেই প্রচারে গিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণাত্মক শোনালো মমতাকে।

মমতার দাবি, ‘ছেলেকে বাঁচাতে আজ মিথ্যে কথা বলছেন মিঠুন।’

দুদিন আগে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মিঠুন তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন মিঠুন। বলেছিলেন, ‘ভালো ব্যবসা ফেঁদে বসেছে, সবকটার ডানা ছাঁটব..।’

তার ২৪ ঘণ্টার মধ্যে প্রচার মঞ্চ থেকে মমতা বলেন, ‘বিজেপির এখন বড় বড় নেতা হয়েছে। তারা নাকি গোখরো সাপ, কেউটে সাপ! তৃণমূল থেকে তো তোমাকেও একদিন সাংসদ করেছিল। আজ এত বড় বড় কথা! পারলে এসে খেয়ে যেও রেশনের মোটা চালের ভাত।’

মিঠুন ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে প্রথম এই গোখরো প্রসঙ্গ তোলেন। সেদিন বলেন, ‘আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই; আমি একটা কোবরা, জাত গোখরো আমি-এক ছোবলেই ছবি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত