পছন্দের মন্টে কার্লোর সেমিতেও ওঠা হলো না নাদালের

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:২৩ এএম

বড় অঘটনই বলতে হবে। আন্দ্রে রুবলেভের কাছে হেরে মন্টে কার্লো থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। অঘটন বলা হচ্ছে কারণ ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্প্যানিশ ম্যাটাডোরকে যিনি হারিয়েছেন সেই রুবলেভ এখনো কোনো মেজরের ফাইনাল খেলতে পারেননি। তাছাড়া মন্টে কার্লোতে ১১ বারের জয়ী নাদাল।

ক্লে-কোর্টে রাফায়েল নাদালের আধিপত্য অবিসংবাদিত। ১৩ বার ফরাসি ওপেন জিতেছেন তিনি। মন্টে কার্লোতেও ১১ শিরোপা তার। দুটি পারফরমেন্স মিলিয়ে ক্লে-কোর্টের রাজা বলা হয় নাদালকে। শুক্রবার সেই তিনি কোয়ার্টার ফাইনালে হেরে যান রুবলভের কাছে। ৬-২, ৪-৬, ৬-২ গেমে জিতেছেন রুশ খেলোয়াড়। মন্টে কার্লোর প্রথম দুই ম্যাচে মাত্র পাঁচটি গেম হারিয়েছিলেন নাদাল। তাকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু রুবলেভের সামনে তাকে অসহায় মনে হয়েছে। নাদালের বিপক্ষে ফোরহ্যান্ডে একের পর এক উইনার মেরেছেন রুবলেভ। নাদাল কোনো জবাব দিতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে স্টেফানোস সিতিসিপাসের কাছে হারার পর প্রথমবার কোর্টে নেমেছিলেন নাদাল। হারের পর তিনি বলেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এটা। এখানে হেরে যাওয়া বরাবরই দুঃখের। ক্লে কোর্টে মৌসুমটা ভালোভাবে শুরু করার সুযোগ হারালাম।’

রুবলেভের বিপক্ষে ৭টি ডবল ফল্ট মারেন রাফা। একই সঙ্গে ৭ বার নাদালের সার্ভিস ভাঙেন রাশিয়ার রুবলভ। ম্যাচের পর নিজের জঘন্য সার্ভিস সম্পর্কে নাদাল বলেন, ‘আজকের দিনটা হলো সেই দিন, যে দিন আমার সার্ভিস বিপর্যয় ঘটেছিল। নিশ্চয়ই কোনো কারণে আমার সার্ভিস খারাপ হয়েছে। অথচ প্র্যাক্টিসের সময় কিন্তু সার্ভিস নিয়ে কোনো সমস্যা ছিল না। সার্ভিস খারাপ হলে, তার পুরো প্রভাব ম্যাচে পড়ে। কারণ সার্ভিস করার সময়ে আত্মবিশ্বাসের অভাব থাকলে, সেটাই ভাবনার কেন্দ্রে চলে আসে। তখন কিন্তু উল্টোদিকের কোর্টে বল কী করে ফেরত পাঠানো যায়, সেটা থেকে ফোকাস সরে যায়।’ তিনি আরও বলেছেন, ‘নিজের সম্পর্কে অভিযোগ করার সময় এটা নয়। আমি একটা জিনিসই করতে পারি, বার্সেলোনায় গিয়ে (পরের সপ্তাহে নাদালের এখানে খেলার কথা) প্র্যাকটিসে মনোনিবেশ করতে পারি এবং এখানে যে ভুলগুলো করেছি, সেগুলো ঠিক করে নিতে পারি।’

নাদালের আগেই মন্টে কার্লোর থেকে বিদায় নেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত