ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:৩৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফারুক খাঁন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শহরের চন্ডিবের এলাকার সালাম খাঁনের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে ফারুক খাঁন ব্যবসার কাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে খালাত ভাই আরিফকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে আশুগঞ্জ আসেন। লকডাউনের কারণে গাড়ি না পেয়ে আশুগঞ্জ  থেকে সড়ক সেতু দিয়ে হেঁটে ভৈরব প্রান্তে আসার পর রেলওয়ে স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে ফারুক খাঁন মাটিতে লুটিয়ে পড়েন। ছুরিকাঘাত করার পর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় পথচারীদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত  ঘোষণা করেন।

নিহতের খালাত ভাই আরিফ জানায়, চোখের পলকে ছিনতাইকারীরা ফারুক খাঁনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রিয়াসাত আজিম জানান, হাসপাতালে তাকে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়।

 ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযানে  নেমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত