না.গঞ্জের ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০১:৩৪ পিএম

নারায়ণগঞ্জে ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রাথমিক তদন্তে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

হেফাজতের বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলার তদন্ত ভার পেয়েছে সিআইডি। ২৩টি মামলার মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জে ২টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি, কিশোরগঞ্জে ২টি, চট্টগ্রামে ২টি, মুন্সীগঞ্জে ২টি। হত্যা, বিস্ফোরক, নাশকতাসহ নানা অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

সিআইডি প্রধান বলেন, ‘ইতোমধ্যে আমরা ২৩টি মামলার তদন্তভার পেয়েছি। আমরা প্রচলিত আইন অনুযায়ী তা তদন্ত করবো। আমাদের ফরেনসিক, ডিএনএ, অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা রয়েছে, সাইবার এক্সপার্ট রয়েছে।’

এসব মামলায় মামুনুল হকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি একটি মামলায় রিমান্ডে আছেন। সেটি শেষ হলে আমরা তাকে রিমান্ডে আনবো।’

কোন মামলায় তার সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি জানতে চাইলে সংস্থাটির প্রধান বলেন, ‘প্রাথমিকভাবে নারায়ণগঞ্জে দায়ের করা মামলায় তার ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমরা সব মামলা স্টাডি করছি। যদি অন্য কোনো মামলাতেও তার ইনসাইট ইনভলভমেন্ট পাই, তাহলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের একাধিক টিম কাজ করছে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২৯ মার্চ সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা হয়েছে।

বাবুনগরীসহ হেফাজতের অন্য ঊর্ধ্বতন নেতাদের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এসব মামলায় প্রাথমিক তদন্তে তিন ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছে। যারা উপস্থিত থেকেছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, দুষ্কর্মে যারা সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘বাবুনগরীসহ অন্য কারও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের স্বার্থে বলছি না। তবে যদি কারও ইনভলভমেন্ট পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে। আইনের চোখে সবাই সমান। আমরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করবো।’

ব্রাহ্মণবাড়িয়ার মামলায় শাসক দল বা কোনো জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, ‘আমরা আইন অনুযায়ী কাজ করি। তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইনের চোখে সবাই সমান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত