চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বিতন্ডা

দায়ী ব্যক্তির সাজা চায় পুলিশ অ্যাসোসিয়েশন

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০২:৩৪ এএম

পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ ও ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণ করায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয় এবং দায়ী ব্যক্তির শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে বিষয়টিকে সংবেদনশীল হিসেবে উল্লেখ করে এর কারণে যাতে বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে মুখোমুখি দাঁড় করানো না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল এলিফ্যান্ট রোডে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্র্তৃক যৌথ অভিযানকালে প্রাইভেটকারে আরোহী একজন অনুমেয় নারী চিকিৎসককে সিগন্যাল দিয়ে আইডি কার্ড দেখাতে বললে তিনি উত্তেজিত হয়ে নানা অপ্রাসঙ্গিক কথাবার্তার অবতারণা করেন এবং পুলিশের কাজে সহায়তা না করে বরং পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অসৌজন্যমূলক ও শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হচ্ছে।

বিধিনিষেধ বাস্তবায়নে আইডি বা মুভমেন্ট পাস দেখতে চাওয়া, নির্দেশনা মোতাবেক দোকানপাট খোলা বা বন্ধ আছে কি না তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা এ বিশেষ মুহূর্তে পুলিশ-ম্যাজিস্ট্রেটের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে জনগণ পুলিশকে সহযোগিতা করবে, এটাই কাম্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ-ম্যাজিস্ট্রেটের সঙ্গে একজন চিকিৎসকের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা মাত্র। কিছু লোকের উচ্ছৃঙ্খল কর্মকা-ের কারণে পেশার সবাই দায়ভার গ্রহণ করবে তা অ্যাসোসিয়েশন কখনো মনে করে না। দেশের সব চিকিৎসকের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা সর্বদা বিদ্যমান। কিন্তু ওই চিকিৎসকের সরকারি কাজে অসহযোগিতা, প্রকাশ্যে গালিগালাজ, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণে পুলিশ-ম্যাজিস্ট্রেটের স্ব-স্ব ইউনিটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এর বিহিত ব্যবস্থা না হলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেট বারবার লাঞ্ছিত হবে, কাজে উদ্যম হারিয়ে ফেলবে এবং অনেকে আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে এরূপ কাজ করার সুযোগ গ্রহণ করবে।

বিষয়টিকে সংবেদনশীল হিসেবে উল্লেখ করে এর কারণে রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে যাতে মুখোমুখি দাঁড় করানো না হয় বা একে অপরের প্রতি ক্ষোভ বা দূরত্ব সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত