খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবা‌দিক কারাগারে

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০২:৩৬ পিএম

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে কারাগারে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বুধবার সকা‌ল ১০টায় তাকে ভারপ্রাপ্ত খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সুমী আহমেদের ভার্চুয়াল আদালতে হাজির করা হ‌লে বিচারক এ আ‌দেশ দেন।

খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আবু তৈয়বকে বুধবার সকাল ১০টার দিকে খুলনা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) ভার্চুয়াল  আদালতে হাজির করা হ‌লে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল আইনে খুলনা থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা থানা পুলিশ নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

তালুকদার আব্দুল খালেক বলেন, গত দু-তিন দিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আবু তৈয়ব আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করেছে। এতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত