আন্তঃব্যাংক লেনদেন প্ল্যাটফর্মের সময়সূচি পরিবর্তন

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০১:০৮ এএম

চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেনের সঙ্গে সামঞ্জস্য রেখে পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, কভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)Ñ এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা চালু থাকবে। এর মধ্যে ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর দেড়টার মধ্যে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এ সময়ে চেক ক্লিয়ারিং করবে ব্যাচ।

আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবার দুটি সেশন আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত