পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি অভিজাত হোটেলে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে প্রদেশের দক্ষিণাঞ্চলের কোয়েটা শহরে হোটেল সেরিনার পার্কিংয়ে তালেবানরা কারগাড়ি নিয়ে এ হামলা চালায় বলে খবর দিয়েছে বিবিসি।
পাকিস্তানের চীনা রাষ্ট্রদূত নঙ রঙ আফগান সীমান্তবর্তী বেলুচিস্তানের রাজধানী কোয়েটা সফরে এসে হোটেলটিতে অবস্থান নেন। তবে বেলুচিস্তান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যানগভ জানিয়েছেন, চীনের রাষ্ট্রদূত নঙ রঙ সেরিনা হোটেলে অতিথি থাকলেও বিস্ফোরণের সময় অন্যত্র ছিলেন। চীন এ ঘটনার নিন্দা জানিয়েছে। হামলার দায় স্বীকার করে পাকিস্তান তালেবানের মুখপাত্র রয়টার্সকে জানান, প্রাইভেটকারে বিস্ফোরক নিয়ে তাদের এক যোদ্ধা হোটেলের পার্কিংয়ে আত্মঘাতী হামলা চালায়। সেখানে দায়িত্বরত পুলিশ ও অন্য কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হামলাটি চালানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী দাবি করে, হোটেলটিতে চীনের রাষ্ট্রদূত নঙ রঙের অবস্থান জেনে হামলা চালানো হয়। তবে পাকিস্তান তালেবান তাদের বিবৃতিতে চীনের রাষ্ট্রদূতের বিষয়ে কিছু উল্লেখ করেনি।
সম্প্রতি আফগান সীমান্তে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী হামলার মাত্রা বাড়িয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ বলেন, ‘বিস্ফোরকভর্তি একটি প্রাইভেটকার হোটেলে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এটি স্পষ্টত সন্ত্রাসী হামলা।’ তিনি আরও বলেন, ‘চীনের রাষ্ট্রদূত নঙ রঙ অন্য একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। তার না থাকার সময়ে হোটেলে বিস্ফোরণ হয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘৃন্য সন্ত্রাসী হামলার নিন্দা ও নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা এ ধরনের কাপুরোষিত হামলার পুনরাবৃত্তি হতে দেব না।’
