আগামী ২ বছরের মধ্যে হাওর এলাকায় ধান কাটার মেশিনের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন ড. মো. আবদুর রাজ্জাক। গতকাল শুক্রবার সকালে বানিয়াচঙ্গ উপজেলার আঞ্জন হাওরে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কৃষি যদি লাভজনক না হয় তা হলে কৃষকরা এ কাজ করবে কেন? তাই সরকার ২৫ টাকার সার ১২ টাকায় ডিলারের মাধ্যমে বিক্রি করছে। পৃথিবীর কোথাও নেই ৯০ টাকার ডিএপি সার ২৫ টাকায় বিক্রি করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে একমাত্র বাংলাদেশেই তা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, হাওর এলাকায় ধান কাটার মেশিন সরবরাহ বাড়ানোর দাবি উঠেছে। আগামী ২ বছরের মধ্যে হাওরে ধান কাটার মেশিনের অভাব থাকবে না জানিয়ে তিনি বলেন, ২৮ লাখ টাকা দামের এ মেশিন কৃষকের নিকট থেকে ৭ লাখ টাকা নেওয়া হচ্ছে। বাকি টাকা সরকার ভুর্তকি দিচ্ছে। হাওর এলাকায় কৃষকরা একটি মাত্র ফসল ফলান। এর উন্নয়ন করতে হলে উন্নত জাতের ধান আবাদ করতে হবে। নতুন উদ্ভাবিত ব্রি-৮৯ জাতের ধান আবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, এই ধান একরে ২ টন বেশি উৎপাদন হবে। শিগগিরই এই জাতটি কৃষকের নিকট পৌঁছানো হবে।
