খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইফুডে খাবার অর্ডার করলে সাহরির জন্য একবেলা খাবার পাবেন অসহায় ও দরিদ্ররা। ৭০০ টাকা বা তার অধিক পরিমাণের প্রতিটি অর্ডারের বিপরীতে একজন অসহায় ব্যক্তির সাহরির খাবারের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অর্থ প্রদান করবে ইফুড। আর সেই অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইফুডের মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালি ডটকমডটবিডি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহক যদি ইফুড প্ল্যাটফর্মে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের খাবার অর্ডার করে মূল্য পরিশোধ করেন তাহলে প্রতিটি অর্ডারের বিপরীতে একজন ব্যক্তির খাবারের অর্থ দেওয়া হবে বিদ্যানন্দকে। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহক যা অর্ডার করবেন সেটি কিন্তু গ্রাহক পেয়ে যাবেন। আমরা ওই অর্ডারের বিপরীতে বিদ্যানন্দকে একজন মানুষের সাহরির জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করব। প্রতি চার দিনে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের যত অর্ডার ইফুডে হবে সেই হিসেবে একত্রে বিদ্যানন্দকে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।
