মাদারীপুর কুমার নদীতে মামা বাড়ী বেড়াতে এসে নানার সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মীমের (৮) লাশ ভেসে উঠেছে। ২০ ঘণ্টা পর রবিবার সকাল ১০টায় লাশ ভেসে উঠে।
নিহত মীম কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম তার নানা বাড়ি মস্তফাপুরের চতুরপাড়া বেড়াতে এসেছিল।
স্থানীয় ও নিহত মীমের মামা বাড়ীর সুত্রে জানা যায়, মীম ও তার ছোট ভাই মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া সিরাজ মোল্লার মীমের নানা বাড়ীতে বেড়াতে আসে। এরপর শনিবার দুপুরে নানা বাড়ীর পাশে কুমার নদীতে নানার সাথে গোসল করতে ছোট ভাইকে নিয়ে আসে।
গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে আর মীমকে দেখতে না পেয়ে ডুবুরি ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। তবে রবিবার সকাল ১০টার দিকে কুমার নদীতে যেখানে গোসল করেছে তার ২০ গজ দূরে ভেসে উঠে লাশ।
মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ জানান, আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পযন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছি কিন্ত সন্ধান পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। আজ রবিবার সকালে শিশুটির লাশ ভেসে উঠেছে।
