বৈষম্য ও অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়াসে চারদিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বয়কটে যোগ দিচ্ছে প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ এবং নারী সুপার লিগের ক্লাবগুলো। ৩০ এপ্রিল থেকে এই বয়কট শুরু হবে।
ফুটবল অ্যাসোসিয়েশন, পাশাপাশি লিগ কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থাগুলো এই বয়কটে যোগ দেবে। বৈষম্য বিরোধী দাতব্য সংস্থাগুলো ‘কিক ইট আউট’ও থাকবে তাদের পাশে।
কিক ইট আউটের চেয়ারম্যান সঞ্জয় ভান্ডারি বলেন, ‘এই বয়কট আমাদের সামষ্টিক ক্রোধের ইঙ্গিত। দুঃখজনকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন নিয়মিত বিষাক্ত অপব্যবহারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই প্লাটফর্মগুলো থেকে নিজেদের সরিয়ে নিয়ে, আমরা ঐ ক্ষমতাসীনদের কাছে একটি প্রতীকি অঙ্গভঙ্গি তৈরি করেছি। সুযোগ সৃষ্টির জন্য আপনাকেও পাশে দরকার আমাদের।’
