ইসরায়েলে ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন হৃদযন্ত্রে প্রদাহের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফাইজার জানিয়েছে, জনগণের মধ্যে এই ভ্যাকসিন নিয়ে এ ধরনের লক্ষণ দেখা দেওয়ার মাত্রা প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি নয়।
ইসরায়েলের মহামারী নিয়ন্ত্রণ সমন্বয়ক ন্যাচম্যান অ্যাশ বলেছেন, প্রাথমিক জরিপে দেখা গেছে ভ্যাকসিন নেওয়া ৫০ লাখ মানুষের মধ্যে ১০ জনের মায়োকার্ডাইটিস বা হৃদযন্ত্রের প্রদাহ দেখা গেছে। মূলত দ্বিতীয় ডোজ নেওয়ার পর তাদের মধ্যে এই লক্ষণ পাওয়া যায়। তিনি আরও বলেন, এটি এখনো পরিষ্কার নয় যে এই সংখ্যাটি অস্বাভাবিক বেশি অথবা ভ্যাকসিনের সঙ্গে এর সংযোগ রয়েছে কিনা।
হৃৎপিণ্ডের প্রদাহের অধিকাংশ সমস্যাই দেখা গেছে ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে। রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ও সংবাদ সম্মেলনে অ্যাশ বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
তিনি বলেন, এই সমস্যার সূত্র বের করা কঠিন; কারণ মায়োকার্ডাইটিস এমন একটি রোগ যা জটিল অবস্থায় যাওয়ার আগেই সাধারণত সেরে যায় এবং অনেক ধরনের ভাইরাসের কারণে এটি হতে পারে। গত বছরেও ইসরায়েলে এই রোগের একই সংখ্যক রোগী দেখা গেছে।
