ভারতে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থায় আইপিএলের পর দেশে ফেরার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে বলেছিলেন ক্রিস লিন। তবে সেই অনুরোধে কর্ণপাত করলেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
ক্রিস লিনের অনুরোধ ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাফ জানিয়ে দিলেন, লিনদের দেশে ফেরার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করবে না সে দেশের সরকার।
করোনার কারণে ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে অস্ট্রেলিয়া। ক্রিস লিনের অনুরোধ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, ‘ক্রিকেটাররা আলাদাভাবে ভারতে খেলতে গিয়েছে। আলাদা ব্যবস্থা করেই সে দেশে আইপিএল খেলতে গিয়েছে তারা। অস্ট্রেলিয়ার হয়ে কোনো সফরে যায়নি।’
আইপিএল খেলা আর দেশের হয়ে খেলার মধ্যে পার্থক্য আছে। সে জন্যই লিনের অনুরোধ মানতে নারাজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, ‘নিজেদের উদ্যোগেই ওরা ভারতে খেলতে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে দিয়েছে। এ দেশে ফিরতে হলে তাদের নিজ ব্যবস্থাপনাতেই ফিরতে হবে।’
ভারতে করোনা ভয়াবহতার জন্য ইতিমধ্যেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটার। তারা হলেন- অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। তবে ক্রিস লিন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা এখনো আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের কোচ। আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের তালিকা যেমন দীর্ঘ, তেমন কোচিং স্টাফ, ধারাভাষ্যকারদের সংখ্যাও অনেক।
