হেফাজতে ইসলামের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অবস্থান নেওয়ার পৃথক তিন ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকে বহিষ্কারের পর এবার রাঙ্গামাটির লংগদু উপজেলার ছাত্রলীগের তিন নেতাকে ‘শিবির সম্পৃক্ততার’ দায়ে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম। গত সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রলীগ বিষয়টি জানিয়েছে।
উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এ তিনজনকে লংগদু উপজেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।’
লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ জানিয়েছেন, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে এ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এ ঘটনাসহ গত এক মাসে হেফাজত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততার চারটি পৃথক ঘটনায় বহিষ্কৃত হলেন ছাত্রলীগের পাঁচ ও যুবলীগের এক নেতা।
