শাপলা চত্বরের সহিংসতায় ‘নেতৃত্ব দেওয়া’ হেফাজত নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৮:৩০ পিএম

শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেওয়া হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে ঢাকার ভাটারা এলাকার ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) বুধবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল গোয়েন্দা পুলিশের একটি দল।

তিনি জানান, গ্রেপ্তার কাশেমী দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম বলেন, ‘তিনি নিজেকে হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে দাবি করেছেন। আমরা তার পরিচয় যাচাই-বাছাই করছি। আমরা জানতে পেরেছি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠন রাবেয়াতুল ওয়াজিন বাংলাদেশের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত