প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও শতরানের ওপেনিং জুটি গড়েছেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। দুজনই তুলে নিয়েছেন ফিফটি।
প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও এই জুটিকে বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশি বোলাররা। অবশ্য সুযোগ হাতছাড়া করেছে সফরকারী ফিল্ডাররা। একাধিক ক্যাচ বিসর্জন তো দিয়েছে, তার মধ্যে পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের ২০তম ওভারের শেষ বলে করুনারত্নের ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। লঙ্কান অধিনায়কের রান তখন ২৮। জীবন পেয়ে দ্বিতীয় সেশনে ফিফটি উদ্যাপন করেন তিনি। তার আগে অভিষিক্ত শরীফুল ইসলামের করা ১০.৫ ওভারে এক রান নিয়ে শ্রীলঙ্কার দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইফলকে পা রাখেন করুনারত্নে।
লাঞ্চ বিরতি থেকে ফিরে ফিফটির দেখা পান থিরিমান্নেও। গত ছয় ইনিংসের মধ্যে পঞ্চম ফিফটি এটি তার। সেই সঙ্গে করুনারত্নেকে নিয়ে ইনিংসটাকে বড় করার পথে হাঁটছেন থিরিমান্নে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে প্রথম ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৫৩ ওভারে বিনা উইকেটে করেছে ১৬১ রান। ১৫৯ বলে ৯৩ রানে ব্যাট করছেন করুনারত্নে। ১৬০ বলে ৭১ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন থিরিমান্নে।
কেন্ডির পাল্লেকেলেতে দুই দলের দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামে একাদশে এক পরিবর্তন নিয়ে। লঙ্কানদের একাদশে এসেছে দুই পরিবর্তন। সিরিজর প্রথম টেস্ট ড্র হয়।
