পাবনা শহরের পৌর এলাকার শালগাড়িয়া থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ অবৈধ উত্তেজক সিরাপসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলো ছোট শালগাড়িয়া এলাকার মৃত আকু শেখের ছেলে আজমল (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে রাজ আহমেদ রনি (৪০)। আটকরা পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
পাবনা পুলিশ সুপার মুহিবুুল ইসলাম খান জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ছোট শালগাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আজমলকে আটকের পর তল্লাশি করে, তার কোমরে লুকিয়ে রাখা একটি লাইসেন্সবিহীন বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে ছোট শালগাড়িয়া এলাকায় জনৈক তালেবের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভাড়াটিয়া রাজ আহমেদ রনির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ উত্তেজক সিরাপ, মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ৫ বোতল স্পিরিটসহ রনিকে আটক করে।
