বিএনপিকে তথ্যমন্ত্রী

বিষোদগার নয় একসঙ্গে মানুষের পাশে দাঁড়ান

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০২:১৪ এএম

বিষোদগারের রাজনীতি পরিহার করে সরকারের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাব, প্রতিদিন সরকারের প্রতি বিষোদগার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, আপনারাও সেভাবে জনগণের পাশে দাঁড়ান এবং আসুন আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করি। আমাদের দরজা খোলা আছে, আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি। কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়াবেন না আর প্রতিদিন মিথ্যাচার করবেন, গুজব রটাবেন এটা বরদাশত করা যাবে না, কারণ অসত্য কখনো গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আবার যারা নাগরিক ঐক্যের নামে পর্দার অন্তরালে থেকে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আর মাঝে মধ্যে ছিটেফোঁটা কয়েকজনকে নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন, তাদের মানববন্ধনে লোকসংখ্যা দেখে আমাদের লজ্জা লাগে, মনে হয় ছোট পরিবার, সুখী পরিবার। তাদের (নাগরিক ঐক্য) মানববন্ধনে ১০০ লোক হয় না, সেখানে মানুষের জন্য এক ছটাক চাল নিয়েও তারা উপস্থিত হয় না, অথচ সরকারের বিরুদ্ধে বিষোদগার করে। তাই সরকারের বিরুদ্ধে অহেতুক সমালোচনা না করে আসুন জনগণের পাশে দাঁড়ান। জনগণকে সহায়তা করাই এখন একমাত্র রাজনীতি হওয়া বাঞ্ছনীয়।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি অ্যাডভোকেট নূরুল আমীন রুহুল প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত