শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানেই থামল বাংলাদেশ। ২৪২ রানের লিড পেল শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও শ্রীলঙ্কা অবশ্য তা করেনি। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে। অর্থাৎ চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হচ্ছে মুমিনুল হকদেরই।
শনিবার ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা আর ২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই আসে ৯৮ রান। কিন্তু সেই দলটাকেই এক পর্যায়ে মনে হলো দিশাহারা। ৩ উইকেটে ২১৪ রান থেকে মাত্র ৩৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অল আউট হলো দলটি।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তামিম ইকবাল। এদিনও ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন বাঁহাতি ওপেনার। ৯২ রান করে আউট হন তিনি।
এর আগে সাইফ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করেন। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৫২ রান।
ওপেনিংয়ে তামিমের সঙ্গী সাইফ এদিন ২৫ রান করেন। তার বিদায়ের পর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত পারেননি রানের খাতা খুলতে।
মুমিনুল হক ও মুশফিকুর রহিম উইকেটে সেট হয়ে গিয়েও নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি। মুমিনুল ৪৯ ও মুশফিক ৪০ রানে কাটা পড়েন।
এরপর নিমিষেই শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস। লিটন দাস ৮, মেহেদী হাসান মিরাজ ১৬ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাইজুল ইসলাম করেন ৯ রান। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে অপরাজিত ছিলেন আবু জায়েদ রাহি।
শ্রীলঙ্কার পক্ষে প্রাভিন জয়াবিক্রমা ৩২ ওভার বল করে ৯২ রান খরচায় নেন ৬ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমাল ও রমেশ মেন্ডিস।
