‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ করতে চাননি ভিন ডিজেল

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:২১ এএম

২০ বছর আগের কথা। ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দিয়ে হলিউডে যাত্রা শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। আজও যার আবেদন ফুরোয়নি। এর মধ্যে ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো গতিময় সিরিজটির হাল ধরে আছেন হলিউডের প্রভাবশালী অভিনেতা ভিন ডিজেল। সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, প্রথম ছবিটির চিত্রনাট্য পড়ে প্রায় বেঁকেই বসেছিলেন তিনি।

শুরুতে ভিন ডিজেলকে বলা হলো, ছবিটি অবৈধ রেসিংয়ে ভরপুর। আর ডিজেলের চরিত্রটা হলো এমন, যে কিনা কোনো আইনের তোয়াক্কা না করেই গাড়ি হাঁকিয়ে বেড়ায়। চিত্রনাট্যটা পড়ার পর ভিন ডিজেল বারবারই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিলেন। ডোমিনিক টরেটোর চরিত্রটা তিনি বুঝতেই পারছিলেন না। পরে চিত্রনাট্যকার ডেভিড এসে তাকে জানালেন, ডোমিনিকের চরিত্রটা বেশ জটিল। একদম অস্কার পাওয়া ‘ট্রেনিং ডে’ ছবিতে ডেনজেল ওয়াশিংটন যেমনটা ছিলেন, এটাও তেমন। আর তাতেই কাজ হয়। রাজি হয়ে যান ডিজেল। এ বছর সিরিজের নবম ছবি ‘এফ-৯’ মুক্তি পাচ্ছে জুনে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার। তাতে আঁচ পাওয়া গেল, এবারের ছবিতে ডোমিনিকের অতীত তুলে এনেছেন পরিচালক ও চিত্রনাট্যকার জাস্টিন লিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত