দ্বিতীয়বারের মতো জুটি গড়তে যাচ্ছেন রোশান ও বুবলী

আপডেট : ০৩ মে ২০২১, ০৮:৫৪ পিএম

দ্বিতীয়বারের মতো জুটি গড়তে যাচ্ছেন রোশান ও শবনম বুবলী। তাদের দেখা যাবে ‘রিভেঞ্জ’ নামের সিনেমায়। ছবিটি পরিচালনা করবেন মো. ইকবাল। যিনি আগে প্রযোজক হিসেবে বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। বুবলী ও রোশান এর আগে ‘চোখ’-এ একসঙ্গে অভিনয় করেছেন।

রিভেঞ্জ একটি অ্যাকশননির্ভর ছবি। এ ছবিতে রোশানের পাশাপাশি বুবলীকেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হবে। মো. ইকবাল জানিয়েছেন বুবলী ইতিমধ্যে অ্যাকশন দৃশ্যের জন্য অনুশীলন শুরু করেছেন। ছবিটির প্রযোজনা সংস্থা হিসেবে আছে অনুরাগ ট্রেডার্স। মো. ইকবাল জানালেন করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ছবিটির শুটিং শুরু করবেন।

ইকবাল বলেন, ‘নয়টি ছবি প্রযোজনার পর পরিচালক হিসেবে আমি আসছি। তাই চেষ্টা থাকবে সর্বোচ্চ দেওয়ার। এ কারণে নায়িকা বাছাইয়ে অনেক সময় নিলাম। ইতিমধ্যে বুবলীর সঙ্গে আমার চুক্তি সম্পন্ন হয়েছে।’

গত ২০ জানুয়ারি একসঙ্গে ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’ নামক তিনটি ছবিটির ঘোষণা দেন। তখন জানা গিয়েছিল তিনটি ছবির নায়ক হিসেবে থাকছেন রোশান। এর মধ্যে ফাইটারের নায়িকা হিসেবে শিরীন শীলার কথা বলা হয়েছিল। বাকিগুলোর নায়িকার নাম জানা যায়নি তখন।

ভালোবাসলেই ঘর বাধা যায় না, পাসওয়ার্ড, বীরসহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। নানা কারণে আলোচনায় ছিলেন বিভিন্ন সময়ে। ঢালিউড ইন্ডাস্ট্রির এ প্রভাবশালী প্রযোজক ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’ ছবিগুলো দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত