নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে তারা এ কর্মসূচি পালন করে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫'শত বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদেরকে মামলা, হামলা দিয়ে হয়রানি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ এই জবর দখলের সাথে জড়িত।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলনসহ কায়েতপাড়ার কয়েক হাজার নারী-পুরুষ।
তারা বলেন, যদি কৃষকদের ন্যায্যমূল্য না দিয়ে জমি জবর-দখল করা হায়, তবে জনগণ জমি দখলকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করবে।
