রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেষ দিনের নিয়োগ অবৈধ: উপাচার্যের অনিয়ম তদন্তে কমিটি

আপডেট : ০৬ মে ২০২১, ০৯:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহানের অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্য বৃহস্পতিবার বিতর্কিত ১৪১ নিয়োগ চূড়ান্ত করে বিদায় নেন। তার এসব নিয়োগ অবৈধ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এরপর তার অনিয়ম তদন্তে কমিটি গঠনের তথ্য জানাল মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের কমিটিতে ইউজিসির সদস্য ড. মো. আবু তাহের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ এবং ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান রয়েছেন।

কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটি গঠনের আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য আবদুস সোবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই ইউজিসি তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদনে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ কার্যক্রমসহ আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিতও হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে উপাচার্যকে অনুরোধ করেছিল। কিন্তু তা উপেক্ষা করে উপাচার্য তার মেয়াদের শেষ কর্মদিবসে বিভিন্ন পদে অবৈধ ও বিধিবহির্ভূতভাবে জনবল নিয়োগ করেছেন বলে মন্ত্রণালয় জানতে পেরেছে।

অধ্যাপক আবদুস সোবহান ২০১৭ সালের মে মাসে দ্বিতীয় মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন। 

তার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগ স্থগিত করে দেয়। সেই নিষেধাজ্ঞার মধ্যেই শেষ দিনে অস্থায়ী ভিত্তিতে ১৪০ জনকে নিয়োগ দিয়ে বিদায় নেন অধ্যাপক সোবহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত