কন্যা সন্তান জন্মদানের গঞ্জনা থেকে মুক্তি পেতে ছেলে শিশু চুরি

আপডেট : ১০ মে ২০২১, ১০:৩৬ পিএম

পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর আবার আট মাসের অন্তঃসত্ত্বা হন এক নারী। তার গর্ভের সন্তানটিও কন্যা বলে জানতে পেরেছেন। সমাজে কন্যা সন্তানের জন্য লাঞ্ছনা-গঞ্জনার স্বীকার ওই নারী ছেলে সন্তানের জন্য বিভিন্ন মানুষের কাছে দেন-দরবার করেন। পরে এক নারী তাকে একটি পুত্র সন্তান এনে দেওয়ার আশ্বাস দেন। ওই নারী নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা দুই দিনের নবজাতক শিশুকে কৌশলে তার নানির কাছ থেকে চুরি করে তার হাতে তুলে দেন। আর এ কাজের জন্য তাকে দেওয়া হয় দুই হাজার টাকা।

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী সদরের ব্রহ্মন্দী এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সন্মেলনের মাধ্যমে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বাচ্চাটর নানি রবিবার সকালে নরসিংদী সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ দেখাতে যান। সিরিয়ালের জন্য শিশুটির নানি পরীবানু অপরিচিত এক নারীর কোলে বাচ্চাটি রেখে নিচ থেকে তার স্বজনদের ডাকতে যান। এরই ফাঁকে দুদিন বয়সী শিশুটিকে নিয়ে পালিয়ে যান সেই অপরিচিত নারী। এরপর বিষয়টি নিয়ে নরসিংদীসহ সারাদেশে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ।

এর মধ্যে দুপুরে চুরি হওয়া নবজাতকের নানি থানায় অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ রাসেল শেখ বলেন, শিশুটি উদ্ধারে প্রযুক্তি আমাদের সহায়তা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চুরি করা নারীকে শনাক্ত করেছি। সবশেষ সদরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করি ও মায়ের কোলে ফিরিয়ে দিই।

অভিযানের সময় যে নারী নবজাতকটিকে চুরি করেছে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো মামলা ও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে যে নারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাকে নজরদারিতে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত