দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরি ঘাটে প্রচণ্ড ঝোড়ো বাতাসে পন্টুনের তার ছিঁড়ে গিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, যখন ঝড় শুরু হয় তখনো মাইক্রোবাসটি পন্টুনের উপরেই ছিল। পন্টুন ছিঁড়ে যাওয়ার কিছুক্ষণ পরে গাড়িটি নদীতে পড় যায়। গাড়ির ভেতরে চালককে দেখতে পেলেও এ সময় কোনো যাত্রীকে তারা দেখতে পায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকর্মীরা চালক বা গাড়িটি উদ্ধার করতে পারেনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, এ ঘটনার পর বর্তমানে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।
