রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে আদালত অবমাননার অভিযোগের আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। শুনানিকালে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের উদ্দেশে বলে, তিনি (অ্যাটর্নি জেনারেল) যেন এই মৌখিক নির্দেশনাটি সংশ্লিষ্টদের জানিয়ে দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২০ মে দিন ধার্য রাখে হাইকোর্ট।
উচ্চ আদালতের রায় উপেক্ষা করে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনায় গত ৯ মে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ আবেদনটি করেন। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির নির্দেশনাসহ সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা এবং সেখানে কী ধরনের কাজ সে সম্পর্কে বিস্তারিত একটি হলফনামা আদালতে দাখিলের আর্জি জানানো হয়। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আসে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘মামলার পরবর্তী শুনানির জন্য ২০ মে ধার্য করেছেন আদালত এবং এর মধ্যে যাতে উদ্যানে কোনো গাছ কাটা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।’
সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক রায়ে উদ্যানের সংরক্ষণে কয়েক দফা নির্দেশনা দেয়। রায়ে বলা হয়, রমনা তথা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা নিছক একটি এলাকা নয়। এই এলাকাটি ঢাকা শহর পত্তনের সময় থেকেই এ পর্যন্ত একটি বিশেষ এলাকা হিসেবে পরিগণিত হয়েছে এবং এর একটি ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য আছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র এই এলাকা। এখানে এমন কোনো স্থাপনা থাকা উচিত নয় যা এই এলাকার ইতিহাস-ঐতিহ্যকে বিন্দুমাত্র মøান করতে পারে। পরিবেশগত দিক হতে তা আরও বিধেয় নয়। কারণ রমনার উদ্যান বা রমনা রেসকোর্স ময়দান ঢাকা শহরের দেহে ফুসফুসের ন্যায় অবস্থান করছে। কোনোভাবেই এটাকে রোগাক্রান্ত করা যায় না।’
