চলন্ত অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানি, চালকসহ আটক ২

আপডেট : ১২ মে ২০২১, ০২:১০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদের কেনাকাটা শেষে বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশায় এক তরুণীকে (২২) যৌন হয়রানির চেষ্টায় চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন তরুণীর বাবা। সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কমলগঞ্জ পৌর এলাকার কামারগাওঁ গ্রামের ফারুক মিয়ার ছেলে কাউসার মিয়া (৩২) ও মফিজ মিয়ার ছেলে জায়েদ আহমদ (২৫)।

থানায় করা লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোড়ামারা এলাকায় আদমপুর বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন তরুণী। ঘোড়ামারা এলাকায় আসার পর চালক জাহেদ ও তার সহযোগী কাউসার ও বেলাল হোসেন মিলে তরুণীর শরীরে স্পর্শ করে যৌন হয়রানির চেষ্টা করে।

তখন তাদের হাত থেকে বাঁচতে তরুণী চিৎকার শুরু করলে তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।

রাস্তায় পড়ে শরীরে আঘাত পেয়ে বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ওই তরুণীকে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন তরুণীর বাবা। পরে এদিন গভীর রাতে চালকসহ দুইজনকে আটক করে পুলিশ।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিত্র সিংহ জানান, তরুণীর মাথা, চোখ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ও পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, ‘থানায় লিখিত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাদের অপর এক সহযোগী বেলাল হোসেন (৩৫) পলাতক রয়েছে। তাকেও আটকের অভিযান অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত