টেস্টের শীর্ষে ভারত, পয়েন্ট হারালেও আগের অবস্থানে বাংলাদেশ

আপডেট : ১৩ মে ২০২১, ০৪:১৯ পিএম

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত ও নিউজিল্যান্ড। টেস্ট দল র‌্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটেও শীর্ষে আছে এই দুই ফাইনালিস্ট।

এক রেটিং পয়েন্ট বেশি অর্জনে শীর্ষস্থানে ভারত। তাদের পয়েন্ট ১২১। দুই রেটিং বেশি অর্জনে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২০।

বৃহস্পতিবার প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিং আপডেটে ২০১৭/১৮ মৌসুমের পারফরম্যান্স বিবেচনার বাইরে রাখা হয়েছে। শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে গত বছরের মে থেকে এই পর্যন্ত। গত দুই মৌসুমের পারফরম্যান্স বিবেচিত হয়েছে ৫০ ভাগ। 

গত বছর ভারত ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে ৩-১ ব্যবধানে। নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই সিরিজ জয় কিউইদের রেটিং পয়েন্ট বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ৫ রেটিং পয়েন্ট হারালেও আগের অবস্থান ৯ নম্বরে আছে। টাইগারদের পয়েন্ট ৪৬। গত এক বছরে ৪ টেস্ট খেলে এক ড্রয়ের পাশাপাশি তিনটিতে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে টাইগারদের গত দুই মৌসুমের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে। যেখানে ১৩ টেস্টের মধ্যে ৯টি হেরেছে তারা।

৮ রেটিং পয়েন্ট বেশি অর্জনেও বাংলাদেশের পরে আছে জিম্বাবুয়ে। তাদের পয়েন্ট ৩৫। সেরা দশে নেই আয়ারল্যান্ড ও আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পেলেও যথেষ্ট ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিংয়ের জন্য এই দুই দলকে বিবেচনায় রাখা হয়নি।  

র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ৩ রেটিং পয়েন্ট অর্জনে ১০৯ পয়েন্ট নিয়ে তিনে ইংলিশরা। ৫ রেটিং পয়েন্ট হারিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে চারে অজিরা। ২০১৭/১৮ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-০ ব্যবধানে হার বিবেচনায় আনা হয়নি। যার কারণে দুই প্রতিপক্ষের এই রদ-বদল।

৩ রেটিং পয়েন্ট অর্জনে ৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। এই বছর বাংলাদেশকে ২-০ ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে ০-০ ব্যবধানে সিরিজ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে আট থেকে ছয়ে উঠে এসেছে ক্যারিবিয়ানরা। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ২০১৩ সালের পর এটিই উইন্ডিজের সেরা অবস্থান।

৯ রেটিং পয়েন্ট বিসর্জন দিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পয়েন্ট ৮০। টেস্ট র‌্যাঙ্কিং ইতিহাসে এটিই তাদের সর্বনিম্ন পয়েন্ট। ৭৮ পয়েন্ট নিয়ে পরের স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বিসর্জন দিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত