ঈদের ছুটি শেষে অফিস খুললেও প্রথম কার্যদিবসে কর্মচাঞ্চল্য ফেরেনি অফিসগুলোতে। করোনা মহামারির মধ্যে এবারের ঈদের ছুটি শেষে অফিসপাড়ায় চিরচেনা কোলাকুলিও করছেন না কেউ।
রবিবার সকালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট শাখা ছাড়া সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের তেমন উপস্থিতি নেই।
তবে, উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছুটি শেষে প্রথম দিন অফিসে একটু দেরি করে আসেন বা দুপুরের দিকে আসেন অনেকে, তাই এখন উপস্থিতি কিছুটা কম।
তারা বলেন, ঈদে অতিরিক্ত ছুটি না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলের এলাকাতেই আছেন। সোমবার থেকে উপস্থিতি আগের মতো হয়ে যাবে বলে তারা মনে করেন।
এবার ঈদের ছুটি ছিল ১৩ থেকে ১৫ মে। এর মধ্যে দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবারের ঈদের ছুটি দীর্ঘ হয়নি। মহামরির মধ্যে এবারের ঈদে সবাইকে যার যার কর্মস্থলের এলাকায় থাকতে বলেছিল সরকার।
