প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত ও গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী প্রতিটি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার নৌপরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশ্যে ই-মেইল ও কুরিয়ারযোগে এ নোটিস পাঠানো হয়। মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওসার এ নোটিস পাঠান।
নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে প্রতিটি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ফেরি পারাপারে যাত্রীদের বীমার আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় সেখান থেকে অর্থ প্রদানের জন্য এবং ফেরিঘাটে সংঘটিত দুর্ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুরোধ করা হয়েছে। ব্যত্যয় হলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
