খালেদা জিয়ার চিকিৎসায় সময় লাগবে : ডা. জাহিদ

আপডেট : ১৮ মে ২০২১, ০৩:৫২ এএম

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি না পাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে রেখেই অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাসায় ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। কোনো আপডেট নেই। আইসিইউতে রেখেই ওনার চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালের গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।’

করোনায় ফুসফুস কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে সিটিস্ক্যান করানোর জন্য গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালের ৭২০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। এরপর শ্বাসকষ্ট বাড়লে তাকে সিসিইউতে নেওয়া হয়।

এদিকে খালেদা জিয়ার এক স্বজন দেশ রূপান্তরকে বলেন, ‘চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরতে তার দীর্ঘ সময় লাগবে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আর লন্ডনে বসে সবকিছুর সমন্বয় করছেন ডা. জোবাইদা রহমান।’

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত