ঈদ শেষে মেয়ে ও ভাইকে সঙ্গে নিয়ে একটি পিকআপ ভ্যানে করে শেরপুরের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন এক নারী। পথে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে এক পরিবারের ওই তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার বাঘেরচর এলাকার নাজমা বেগম (৩৮), তার মেয়ে রিয়া মনি (৭) ও ভাই আমানুল্লাহ আমান (৩০)।
স্থানীয়রা জানায়, গত রবিবার রাতে বেগুনভর্তি ওই পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ১১টার দিকে রায়মনি নামক স্থানে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে এক পরিবারের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় পিকআপচালক সাদা মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় গাড়িচাপায় এক নারী, কুমিল্লায় পিকআপের ধাক্কায় দুই যুবক, চট্টগ্রামে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে এক যুবক, খুলনায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে এক যুবক, গাজীপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তি, ফরিদপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : রাজধানীর গুলশান এলাকায় গাড়িচাপায় শাহিনুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গত রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুলশানে বিভিন্ন বাসাবাড়িতে রান্নার কাজ করতেন শাহিনুর। স্থানীয়রা জানায়, রবিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি শাহিনুরকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কুমিল্লা : চান্দিনায় পিকআপের ধাক্কায় সুজন (৩০) ও ফয়সল (২৭) নামে মোটরসাইকেল চালক-আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈদ শেষে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন সুজন ও ফয়সল। পথে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি পিকআপ মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
চট্টগ্রাম : আনোয়ারায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে একই দিন সকালে আনোয়ারার শোলকাটা রাস্তার মাথা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
খুলনা : ফুলতলায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খুলনা-যশোর মহাসড়কের দামোদর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন জানান, খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রিন্টুকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর : কালিয়াকৈরে বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রীফলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার এসআই মো. জুবায়ের হোসেন জানান, ঘটনার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।
ফরিদপুর : নগরকান্দায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুর্য (২৪) ও রউফ (২৩) নামে মোটরসাইকেল চালক-আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা কৌরবালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, নিহতদের লাশ মুকসুদপুর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
