সরকারি নির্দেশ অমান্য করে কেরানীগঞ্জে পার্ক খোলা

আপডেট : ১৯ মে ২০২১, ০৭:২২ এএম

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সরকারের ঘোষণা অনুযায়ী ‘লকডাউনে’ সারা দেশে সব বিনোদনকেন্দ্র বন্ধ রাখার কথা রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে কেরানীগঞ্জে আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড ঈদের দিন থেকেই খোলা রয়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিন আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কে গিয়ে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক নারী-পুরুষ দেখা গেছে। পার্কে আসা লোকদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি মানেন না কেউ। একসঙ্গে অনেককে ওয়াটার পার্কে গাদাগাদি করে গোসল করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দর্শনার্থী বলেন, আমরা জানতে পেরেছি পার্ক খোলা, তাই এসেছি। পার্ক বন্ধ থাকলে তো আর আমরা আসতে পারতাম না। প্রশাসনের সঠিক তদারকি না থাকায় পার্ক কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য করে পার্ক চালু রাখার সাহস পেয়েছে। পার্ক খোলা রাখার বিষয়ে ম্যাজিক আইসল্যান্ডের ম্যানেজার মাহবুবুল হাসান বলেন, ‘আমরা নিজ থেকেই খোলা রেখেছি। চেষ্টা করছি পার্কে আসা সবাই যেন স্বাস্থ্যবিধি মানে।’

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দেবনাথ বলেন, ‘পার্ক খোলা রাখার বিষয়টি জানা নেই। সরকারি নির্দেশ অনুযায়ী সব বিনোদনকেন্দ্র করোনা ঝুঁকি এড়াতে অবশ্যই বন্ধ রাখতে হবে। আমরা কেরানীগঞ্জের সব বিনোদনকেন্দ্রকে আগেই সচেতন করে দিয়েছি। তারপরও যারা এ নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত