চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি বর্ষণের মামলার প্রধান আসামি শাকের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
একইসাথে তার সাথে থাকা চাচাতো ভাই মামুনকেও আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ মে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালকে জখম করে বাকের ও সাকেরসহ কয়েকজন।
ঘটনার পরই পুলিশের অভিযানে অভিযুক্তদের একজন বাকেরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হলে তারপর থেকেই পলাতক ছিলেন মামলার অন্যতম আসামি সাকের আলী।
বৃহস্পতিবার ভোররাতে শহরের জাফরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার সুসাহেবের ছেলে সাকেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে বিদেশি ৭.৬৫ ক্যালিবার একটি পিস্তল, ম্যাগজিনভর্তি চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসাথে তার চাচাতো ভাই মামুনকেও আটক করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস ও সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানসহ অন্যরা।
