সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপপরিচালক (প্রশাসন) রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রুহুল আমিন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা জুবের খানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন।
রুহুল আমিন শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, জুবের খান আমাকে জ্যান্ত পুঁতে ফেলার হুমকি দিয়েছেন। এরপর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।
অভিযুক্ত অন্য তিনজন হলেন, পিডিবির কর্মচারী আতিকুল ইসলাম, মোস্তাকিম মিয়া ও লিয়াকত আলী।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুবের খান বলেন, আমি তাকে প্রাণনাশের হুমকি কিংবা গালিগালাজ করিনি। ঘটনার সময় আরও অনেক লোক উপস্থিত ছিলেন। তারা দেখেছেন কি হয়েছে। তাই তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যাবে না।
এদিকে পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যাওয়ার কথা বলে জুবের খান কিছুদিন আগে পিডিবি কর্মকর্তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। চাহিদামতো টাকা না দেওয়ায় তিনি নানাভাবে কর্মকর্তাদের হেনস্তা করার চেষ্টা করছেন।
অবশ্য এই অভিযোগও অস্বীকার করে জুবের খান বলেন, আমি নিজে একসময় পিডিবিতে চাকরি করেছি, শ্রমিক রাজনীতি করেছি, এখন মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যাওয়ার কথা বলে চাঁদা দাবির প্রশ্নই উঠে না। এই অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।
সূত্র জানায়, জুবের খান অতীতে পিডিবির কর্মচারী ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি স্বেচ্ছায় অবসরে যান। কিন্তু এরপরও পিডিবি অফিসে তার নিয়মিত যাতায়াত। বিভিন্ন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, সিবিএ রাজনীতিতে প্রভাব বিস্তার করাসহ পিডিবিতে দাপট খাটাতে চান।
নগরীর বাগবাড়ির সিলেট পিডিবির কার্যালয়ের একটি কক্ষ বিদ্যুৎ শ্রমিক লীগ অবৈধ দখলে রেখেছে।সম্প্রতি বিদ্যুৎ শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কয়েক দিন আগে ওই কক্ষে নতুন তালা লাগিয়ে দেয় পিডিবি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার কক্ষের চাবি দিতে জুবের খানসহ কয়েকজন শ্রমিক-কর্মচারী উপপরিচালক রুহুল আমিনকে চাপ প্রয়োগ করেন। এ সময় চাবি দিতে অস্বীকার রুহুল আমিনকে হত্যার হুমকিসহ গালিগালাজ করা হয়। পরদিন বুধবার রুহুল আমিন বাদী হয়ে এ ব্যাপারে ৪ জনকে অভিযুক্ত করে সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন।
