করোনার এই দুঃসময়ে নানা কনটেন্ট, ছবি প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। কখনো সেগুলো সমালোচনার জন্ম দিচ্ছে, কখনো উসকে দিচ্ছে বিতর্ক। এসবের পাশাপাশি এবার এক নারীর ছবি নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
ছবিতে দেখা যাচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক পরে এক নারী রান্না করছেন। সেই ছবি পোস্ট করে একজন লিখেছেন, শর্তহীন ভালোবাসা=মা। কখনো ডিউটি বন্ধ করেন না।
ছবিটি প্রথম কে পোস্ট করেছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর দেখে ধারণা করা হচ্ছে, তাদের দেশ থেকেই কেউ একজন ছবিটি পোস্ট করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আনন্দবাজার ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও উৎস শনাক্ত করতে পারেনি। ছবিটি আসল কি না, তা নিয়ে অনলাইনে চলছে তুমুল আলোচনা।
কয়েকটি নারীবাদী সংগঠন ছবির ক্যাপশন নিয়ে অভিযোগ করেছে। তারা বলছে, ‘রান্না করা কোনো ডিউটি না। ছবি আসল হোক আর নকল হোক, ভারতীয়দের এই ধ্যানধারণা পাল্টাতে হবে।’
ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, ‘অসুস্থতার জন্য একটা দিনও কাজ থেকে ছুটি পান না মায়েরা! এমন কতগুলো পরিবার রয়েছে ভারতে?’
আর একজনের স্পষ্ট মত, ‘এটাকে ভালবাসা বলে না। সামাজিক পরিকাঠামোর ঘেরাটোপে এটা আসলে দাসপ্রথা।’
আর একজনের বিরক্তিকর প্রত্যুত্তর, ‘যিনি ছবিটি তুলেছেন, তিনি ছবি তুলতে পারছেন আর রান্নাঘরের কাজ করতে পারছেন না। মাকে বিশ্রাম নিতে দিন। রান্নাকরা তার কর্তব্য নয়।’
অনেকে বলছেন, ছবিটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে। যিনি এমন ছবি বানিয়েছেন, তার চিন্তাধারা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
