মুজিববর্ষ উপলক্ষে সিলেটে ভূমি ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ১২টি ঘরের পিলার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ১২টি ঘরের ৩২টি পাকা পিলার ভেঙে দিয়েছে তারা। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গত শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওসমানীনগর থানায় মামলা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পিলার ভাঙার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশকেও বলা হয়েছে।’
